দেহলিজ

দেহলিজ

--পীযূষকান্তি বিশ্বাস

এপার ওপার করতে হলে ,
পা-খানি একবার ওঠাতেই হয়,
পা'কে হয়ে উঠতে পারদক্ষী ।

আর যেখানে একটি দ্বার
আর তার অনতিক্রম্য রেখা
এক অনন্য প্রবেশ দৃশ্য একবার অন্যভাবে দেখা
নিজেকে বন্ধ্যা রেখে অংকুর-সম্ভাব্য সেই বীজ
ঘরের সাথে ঘর করে যাচ্ছে সে
                             একান্তে দেহলিজ ।

হায় দরজা,
এ কিসের অহংকার
নাকি অহরহ গ্রীবার উপরে আটকে থাকা ভয়
                  অলক্ষে চৌকাঠ বেড়ে যাওয়ার ?
পিছন ফিরে যদি দেখো সংসারের হাল
নিজেকে টপকে যাওয়া আর 
হয়না দরজার ।

এভাবেও কি গন্ডী এঁকে দেওয়া যায় ?
দৈর্ঘে প্রস্থে বা যে কোন মাত্রায়
             মাইল থেকে মাইল
ভিতরে ভিতরে তবু হেঁটে যাওয়া যাত্রায়
আমাদের এইতো বিচরনের সংজ্ঞা ,
এই তো আমাদের জমি,
           এই তো আমাদের আল
হেঁটে আসা ধ্বনি তরঙ্গের সাথে ভেঙ্গে যাওয়া 
                     বয়স কাল ।

এটাই তো চেয়েছিলো পিতামহ,প্রপিতামহ,
                               সমস্ত পরিবার
দেহের প্রতিটা অঙ্গকোষকে সুরক্ষা দিতে
বাকলে বাকলে ঘিরেছিলো পরিধান
ঘরের নিরাপত্তাকে তাই ভেবেছিলো অগ্রাধিকার

নাকি আরো কিছু ছিলো গোপন বক্তব্য
যার জন্য চৌকাঠে ফুটেছিলো চোখ
অলিখিত কোন সীমানা, নাকি কোন মাপজোক
নিজেই সে উঠিয়েছিলো পা
নিজের কর্তব্যকেই সে একদিন
                   ভেবেছিলো দরজা ।


পা, বা যে কোন পদ বিশেষ
ঘরকে ডিঙ্গিয়ে যেতে চেয়ে
পার করে যে যেতে চেয়েছিলো এক সীমানা
যাকে অধিবাসীরা ভেবেছিলো দেহলিজ
যাকে অতিক্রম করতে চেয়েছিলো এক ঠিকানা

যেখানে দেওয়ালেরও আছে এক জীবনচক্র
             মৃত্যুরও আছে এক অতীত
জংঘার ও আছে এক আয়ু,
             সীমানারও আছে এক মিথ

পার তো করে যেতে হয় সমস্তকিছু একদিন
বরং ধরে নেওয়া যাক একটি রেখা,
আর বিন্দুতে বিন্দুতে ভেঙ্গে যাওয়া

অপার বিশ্বাস,
অপার সীমানা নিয়ে এই মিথ
আর উদ্দ্যত পা নিয়ে আমাদের সমস্ত লড়াই

অন্ততঃ একবার তাই চৌকাঠ ভেঙ্গে
তার দেহলিজ পার করে যেতে চাই ।

Comments

Popular Posts